ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে মাদকসেবন করা অবস্থায় ৩ জনকে আটক করেছে জনতা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে জীবননগর থানা-পুলিশের সদস্যরা তাদের আটক করে থানায় নিয়ে যায়। মাদকাসক্ত ব্যক্তিরা হলেন- উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের আশরাফ আলীর ছেলে নাজমুল হক (২৬), একই গ্রামের আফান মিয়ার ছেলে শামিম (২৫) ও আতিয়ার রহমানের ছেলে মশিয়ার (২৭)।
মৃগমারী গ্রামের ইমরান হোসেন বলেন, বুধবার দুপুরে মৃগমারী গ্রামে মান্নান মিয়ার বাঁশবাগানে ৩ জনকে গাঁজা সেবন করা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা ও বাঁশি (গাঁজা সেবনের যন্ত্র) জব্দ করা হয়। আটকের পর জীবননগর থানা-পুলিশকে খবর দিলে তারা এসে মাদক সেবনকারীদের ধরে থানায় নিয়ে যায়।
তিনি আরও বলেন, ‘আমাদের এলাকা এখন মাদকে ছেয়ে গেছে। মাদকের কারণে বিশেষ করে যুব সমাজ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। মাদকের অর্থ জোগাতে এলাকায় চুরি, সামাজিক অপরাধ বেড়ে গেছে। পারিবারিক কলহ বৃদ্ধি পাচ্ছে। মাদক নির্মূল করতে আমরা সম্প্রতি গ্রামের মানুষদের নিয়ে একটি মাদক বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছিলাম। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার ওসি সোলাইমান সেখ। সমাবেশের পর থেকে আমরা কয়েকজন মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছি।যেখানেই মাদক দেখতে পাই সেখানেই প্রতিরোধ করার চেষ্টা করি।’
