ছবির ক্যাপশন:
মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ২৬ বোতল ভারতীয় সিরাপ এবং ৩ হাজার ৮০০ পিস ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গত শনিবার ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্নবিওপির সদস্যরা পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
জানা গেছে, গত শনিবার ভোর ৫টা ৪ মিনিটে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫২/২৪-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা বাগানপাড়া গ্রামের মো. মমিন তক্কেলের বাঁশবাগানে হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।
একই সময় একই এলাকার সীমান্ত পিলার ৫২/২৫-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একই বাঁশবাগানে হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৮০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। এছাড়া ভোর ৫টায় খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৮৪-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের একটি পাটখেতে নায়েব সুবেদার মো. ভুঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ২ হাজার পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ভারতীয় সিরাপ ও ওষুধের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
