ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দর্শনায় একটি বাড়ি থেকে হাঁস-মুরগি চুরির সময় স্থানীয়দের হাতে নারীসহ তিনজন আটক হয়েছেন। পরে পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে আদালত তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন। গতকাল রোববার সকালে দর্শনা থানার চাকুলিয়া মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চাকুলিয়া মাঝপাড়া গ্রামের মো. মোফাজ্জেল হোসেনের বাড়ি থেকে হাঁস-মুরগি চুরির সময় স্থানীয় বাসিন্দারা হাতেনাতে তিনজনকে আটক করেন। খবর পেয়ে দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তৌহিদুল রহমান ঘটনাস্থলে গিয়ে তাদের পুলিশ হেফাজতে নেন। আটকরা হলেন- দর্শনা থানার মোহাম্মদপুর (মেথরপট্টি) এলাকার মৃত দিলীপ কুমার দাসের ছেলে সুজন কুমার দাস (৫০), তার স্ত্রী ময়না রানী (৩৬) এবং একই এলাকার মৃত নবিছ উদ্দিনের স্ত্রী মোছা. রেখা খাতুন (৫৮)।
পরে তাদের সংক্ষিপ্ত বিচারের জন্য চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত সুজন কুমার দাসকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ময়না রানী ও মোছা. রেখা খাতুনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘চুরি-ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে দর্শনা থানা পুলিশ সর্বদা তৎপর। চুরির অভিযোগে আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।’
