ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন বন্ধসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। সভা শেষে নবাগত ইউএনও লাভলী ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা জানান দামুড়হুদা ও দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, নির্বাহী সদস্য তাসির আহমেদ, হাবিবুর রহমান, আরিফুল ইসলাম মিলন, মেহেদী হাসান মিলন, সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সহসভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, দামুড়হুদা প্রেসক্লাব সদস্য শেখ হাতেম, জহুরুল ইসলাম, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাবেক সাধারণ সম্পাদক আহসান মামুন, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সদস্য কামরুজ্জামান যুদ্ধ, সদস্য বাঁধন, চ্যানেল ওয়ানের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শেখ সাদিকসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
মতবিনিময় সভায় ইউএনও লাভলী ইয়াসমিন বলেন, ‘দামুড়হুদা উপজেলার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদক, বাল্যবিবাহ, অবৈধ বালু উত্তোলনসহ যেকোনো অনিয়ম প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। জনগণের স্বার্থে প্রশাসনের দরজা সবসময় উন্মুক্ত থাকবে এবং সবার সহযোগিতা নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত দামুড়হুদা গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করব।’
