ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, চোরাচালান ও মানবপাচার রোধ, কৃষি উপকরণ বিশেষ করে সার বিতরণে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় দিগড়ি হ্যালিপ্যাড মাঠকে খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ ও মিনি স্টেডিয়াম নির্মাণের বিষয়েও মতবিনিময় করা হয়। কৃষকদের মাঝে সার বিতরণে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রয়োজনীয় ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার জন্য উপজেলা কৃষি বিভাগকে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা ও পৌর অঞ্চলে মাদকের বিস্তার এবং মাদক কারবারিদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও অভিযান আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রতারক চক্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় ইউএনও তিথি মিত্র বলেন, ‘অপরাধ ও মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। মাদকের ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না। তরুণ প্রজন্মকে রক্ষা করতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান আরও জোরদার করতে হবে। শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রমের সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি এবং আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
