জীবননগরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের বিরুদ্ধে লাঞ্ছিতের অভিযোগ

আপলোড তারিখঃ 2026-06-30 ইং
জীবননগরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের বিরুদ্ধে লাঞ্ছিতের অভিযোগ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কুলতলা গ্রামে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের বাসিন্দা জাকির হোসেন বিশ্বাস জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, কুলতলা গ্রামের মৃত নুর উদ্দীন বিশ্বাসের ছেলে জাকির হোসেন বিশ্বাস দীর্ঘদিন প্রবাসে থাকার পর বর্তমানে দর্শনার মোবারকপাড়ায় পরিবার নিয়ে বসবাস করছেন। তার দাবি, এই সুযোগে প্রতিপক্ষ তার পৈতৃক ভিটা ও বসতবাড়ি দখলের চেষ্টা করছে। জাকির বিশ্বাস অভিযোগ করেন, সম্প্রতি তিনি পৈতৃক জমিতে চানাচুর, মুড়ি ও বেকারি শিল্পের একটি কারখানা স্থাপনের উদ্যোগ নেন। এসময় প্রতিপক্ষ ফারুক বিশ্বাস, বক্তিয়ারসহ কয়েকজন এতে বাধা দেন এবং বিভিন্ন সময় তাকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।


তার অভিযোগ, গত ২৫ জুন সকাল সাড়ে ৭টার দিকে জমিতে সীমানা প্রাচীর ও তারের বেড়া দেওয়ার কাজ শুরু করলে প্রতিপক্ষ সেখানে গিয়ে বাধা দেয় এবং তাকে লাঞ্ছিত করে। একই সঙ্গে প্রতিবেশী আব্দুল আলীম বিশ্বাস তাদের বসতভিটার একমাত্র সরকারি যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইখতিয়ার উদ্দীন ফারুক বিশ্বাস। তিনি বলেন, ‘জাকির বিশ্বাস আমার আপন ভাই। আমাদের মধ্যে কোনো মারামারি বা লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি। বিষয়টি জমি-জমা সংক্রান্ত পারিবারিক বিরোধ।’ তিনি আরও জানান, থানা পুলিশের এক তদন্তকারী কর্মকর্তা উভয় পক্ষকে বিষয়টি পারিবারিকভাবে সমাধানের জন্য এক সপ্তাহ সময় দিয়েছেন।


স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বিশ্বাস বলেন, ‘এটি মূলত ভাইদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ। গত সপ্তাহে জমি মাপজোক হওয়ার কথা থাকলেও সার্ভেয়ার আমিনের মৃত্যু হওয়ায় তা সম্ভব হয়নি। আগামী সপ্তাহে সরকারি আমিন দিয়ে জমি পরিমাপ করে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হবে।’


নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, ‘সামান্য কথা কাটাকাটির ঘটনা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি পারিবারিক ও গ্রাম্যভাবে সমাধানের চেষ্টা চলছে।’ এদিকে জাকির হোসেন বিশ্বাস সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিচার এবং জেলা পুলিশ সুপার ও জীবননগর থানার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)