ছবির ক্যাপশন:
জীবননগরে দরিদ্র শিক্ষার্থী ও নারীদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ, সেলাই মেশিন ও বাইসাইকেল তুলে দেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করবে এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।
