ছবির ক্যাপশন:
জীবননগরের উথলীতে টিসিবি পণ্যে নিম্নমানের সাবান ও ডিটারজেন্ট পাউডার বিক্রির অভিযোগ উঠেছে। পণ্যের মান ভালো না হওয়ায় টিসিবি কার্ডধারী অনেকেই মালামাল কিনতে আপত্তি জানিয়েছেন। বিশেষ করে নিম্নমানের সাবান ও ডিটারজেন্ট পাউডার নিতে আপত্তি জানিয়েছেন উপকারভোগীরা।
গতকাল রোববার উপজেলার উথলী ইউনিয়নের টিসিবি পণ্য বিক্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ৬৬৮ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ লিটার স্বর্ণা কোম্পানির লাল রঙের সয়াবিন তেল, গায়ে মাখা মেরিল সাফরোন সাবান, চাকা কাপড় কাচা সাবান ও সাফ কোম্পানির ডিটারজেন্ট পাউডার বিক্রি করা হচ্ছে। অন্যান্য পণ্যের কোনো অভিযোগ না থাকলেও নিম্নমানের সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে উপকারভোগীরা। তারা বলছেন, এগুলো অত্যন্ত নিম্নমানের। এতে কাপড়চোপড় পরিষ্কার হচ্ছে না, বরং নষ্ট হচ্ছে।
উপজেলার উথলী গ্রামের আবুল হোসেন বলেন, ‘আমরা গরীব মানুষ, কিছু টাকা সাশ্রয়ের জন্য টিসিবি কার্ড করেছিলাম। চাল, ডাল, তেল, চিনি- এসব আমাদের জন্য ভালো ছিলো। কিন্তু ইদানীং দেখছি এর সাথে গায়ে মাখা ও কাপড়কাচা সাবান এবং ডিটারজেন্ট পাউডার বিক্রি করছে। এর জন্য বাড়তি টাকা দিতে হচ্ছে। এই সাবান ও পাউডার একেবারেই বাজে। এগুলো দিয়ে কাপড়ে ফেনা হচ্ছে না, পরিষ্কারও হচ্ছে না। কাপড়চোপড় আরও নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা আগের মতো চাল-ডাল-তেল-চিনি এসব পণ্যই চাচ্ছি।’
শিয়ালমারি গ্রামের পুষ্পরাণী বলেন, ‘আগে ৫৪০ টাকায় চাল-ডাল, চিনি ও তেল বিক্রি করতো। এটা আমাদের জন্য সুবিধা ছিলো। কিন্তু এর সাথে সাবান ও পাউডার দিয়ে এখন ৬৬৮ টাকা নিচ্ছে। সাবান ও ডিটারজেন্ট পাউডার একেবারেই নিম্নমানের।’
টিসিবি ডিলার সলিমুল্লাহ পাভেল বলেন, দীর্ঘদিন ধরে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। এতোদিন চাল, ডাল, চিনি ও তেলের মান নিয়ে কোনো অভিযোগ আসেনি। কিন্তু ইদানীং টিসিবি পণ্যের সাথে সাবান ও ডিটারজেন্ট পাউডার যুক্ত হওয়ার পর থেকে অনেকেই এখন অভিযোগ করছে। সাবান ও ডিটারজেন্ট পাউডার নিতে আপত্তি জানাচ্ছেন উপকারভোগীরা। সবাই ৫৪০ টাকায় পূর্বের মালামাল কিনতে আগ্রহী।
