ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে সরকারি রাস্তার নির্মাণকাজে চাঁদা দাবির অভিযোগে উঠেছে রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আনিসুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দল।
অভিযোগ সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামে সরকারি রাস্তার কাজ শুরু হলে ঠিকাদারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন স্বেচ্ছাসেবক দলের নেতা আনিসুর রহমান। চাঁদার টাকা না দেওয়ায় তিনি রাস্তার ইট তুলে ফেলেন এবং নির্মাণকাজে নিয়োজিত মিস্ত্রি ও শ্রমিকদের বিভিন্নভাবে হুমকি দেন। এছাড়া শ্রমিকদের গাছে বেঁধে রাখার হুমকি দেন।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে সাংবাদিকেরা ঘটনাস্থলে গেলে তাদের ওপর চড়াও হন। এ ঘটনার পর রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আনিসুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মো. আবু তালেব ও সদস্যসচিব একলাছুর রহমান রাসেলের স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, তিন দিনের মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
