ছবির ক্যাপশন:
দর্শনায় হালকা ঝড়ে একটি শতবর্ষী বটগাছ উপড়ে পড়েছে দর্শনা-মুজিবনগর সড়কের ওপর। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা বটগাছটি শুধু একটি বৃক্ষই ছিল না, দর্শনার ইতিহাস ও ঐতিহ্যেরও নীরব সাক্ষী। স্থানীয়দের ভাষ্য, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্মৃতি বহন করে আসছিল এই বটগাছ। বিশেষ করে দর্শনা রেলবাজার বটতলা এলাকায় কর্মরত রিকশা ও ভ্যানচালকদের জন্য প্রচণ্ড গরমে এটি ছিল একমাত্র ছায়াঘেরা বিশ্রামস্থল। গাছটি ভেঙে পড়ায় এলাকাটি এখন সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেছে।
রিকশাচালক লুল্লু, আতিয়ার, রহমত আলী ও তমসের আলী বলেন, দর্শনা রেলবাজারের এই বটতলাকে সবাই রিকশা স্ট্যান্ড হিসেবেই চিনত। গাছটি পড়ে যাওয়ায় আমরা খুবই কষ্ট পেয়েছি। শুধু শ্রমিকরাই নয়, দর্শনার সব মানুষ এই গাছের সঙ্গে আবেগের বন্ধনে জড়িয়ে ছিলেন।
স্থানীয়রা জানান, ওই স্থানে নতুন করে একটি বটগাছ রোপণের উদ্যোগ নেওয়া উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্মও এমন একটি ছায়াঘেরা পরিবেশ পেতে পারে। তবে শত বছরের পুরোনো এই গাছের স্মৃতি আর কখনোই ফিরে আসবে না বলে তাদের আক্ষেপ।
