ছবির ক্যাপশন:
দর্শনার কেরু অ্যান্ড কোম্পানির অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সংস্থার উদ্যোগে বার্ষিক ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ৯টায় দর্শনা ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে সংস্থার সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির আহ্বায়ক কমরেড কামরুজ্জামান ফিরোজ। তিনি বলেন, “অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা শিল্পপ্রতিষ্ঠানের অমূল্য সম্পদ। তাদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়ন করে ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় কৃষক-খেতমজুর সমিতির কেন্দ্রীয় সহসভাপতি, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সদস্য এবং জুলাই সনদের স্বাক্ষরকারী কমরেড লিটু বিশ্বাস। তিনি বলেন, “শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে পারস্পরিক সম্প্রীতি, সংগঠনের ঐক্য এবং সামাজিক দায়বদ্ধতা আরও জোরদার করা প্রয়োজন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন, উদ্যোক্তা আব্দুল হান্নান, মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জুলফিকার হায়দারসহ সংস্থার নেতৃবৃন্দ ও সদস্যরা।
আলোচনা সভা শেষে সংস্থার প্রয়াত সদস্য মরহুম আব্দুর রশিদ ও মরহুম সিরাজুল ইসলাম মেম্বারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেরু অ্যান্ড কোম্পানির জামে মসজিদের পেশ ইমাম শামসুজ্জোহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সাংগঠনিক সম্পাদক শাহ আলম। ঈদ পুনর্মিলনী উপলক্ষে উপস্থিত সদস্যরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
