ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- হারদী ইউনিয়নের পুরাতন যাদবপুর গ্রামের আনাচ মালিতার ছেলে সেলিম রেজা (৪৪) এবং পোলতাডাঙ্গা গ্রামের মৃত হাসিবুল হকের ছেলে আরফিন হোসেন (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার ওসমানপুর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (নিরস্ত্র) মো. নবাব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশের রাস্তা থেকে সেলিম রেজা ও আরফিন হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের জব্দ তালিকাও প্রস্তুত করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার দুজনের সঙ্গে আরও দুই সহযোগী ও অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন ব্যক্তি মাদক বিক্রি ও সংরক্ষণের সঙ্গে জড়িত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
