ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ছাত্রদল নেতা আজিজুল ইসলাম খান সোহাগ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের অফিসকক্ষে নতুন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাবণী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি ও আন্দুলবাড়ীয়া কলেজের সাবেক সভাপতি সাইদুর রহমান বাবু।
বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও শাহাপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হোসেন আলী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম খান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে উপস্থিত অভিভাবক সদস্যদের মতামতের ভিত্তিতে এবং সর্বসম্মতিক্রমে জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক আজিজুল ইসলাম খান সোহাগকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তিনি ঘুগরাগাছি গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা শহিদুল ইসলাম খানের পুত্র। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম আরিফ।
