ছবির ক্যাপশন:
তরুণদের দক্ষ, আত্মনির্ভরশীল ও পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গার ওয়েভ ট্রেনিং সেন্টারে আয়োজিত এ সভায় স্থানীয় তরুণ-তরুণী, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় পরিচালিত “Green Entrepreneurship Development Project” এর আওতায় এ সভার আয়োজন করা হয়। বর্তমানে প্রকল্পটি চুয়াডাঙ্গা সদর, ঝিনাইদহ সদর ও মেহেরপুর সদর উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো তরুণদের মধ্যে সবুজ উদ্যোক্তা সৃষ্টি, পরিবেশবান্ধব ব্যবসার প্রসার, কর্মসংস্থান বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে। তিনি বলেন, ‘বর্তমান সময়ে চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করলে তা ব্যক্তি, সমাজ এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।’
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবু হাসেম বলেন, ‘সবুজ উদ্যোক্তা তৈরি সময়ের দাবি। পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নিতে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. বশিরুল আলম, প্রাইম পলিটেকনিকের প্রেসিডেন্ট মো. ইমদাদুল হোসেন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মো. ফাহিম ফয়সাল এবং আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।
