ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে ‘জয় বাংলা’ লেখা একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কুড়ুলগাছি ইউনিয়নের রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশে থেকে লাল স্কচটেপে মোড়ানো অবস্থায় বস্তুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুড়ুলগাছি রাইসার বিলের কর্মচারী দুখু মিয়া মৎস্য অফিসের চারপাশের বেড়া ঘেরার কাজ করছিলেন। এসময় হঠাৎ বাঁশ আনতে গেটের পাশে গেলে বেড়ার পাশে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন। দুখু বিষয়টি প্রথম স্থানীয় জনগণ ও বিল কর্তৃপক্ষকে জানান। পরে বিল কর্তৃপক্ষ বিষয়টি দর্শনা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, হঠাৎ করে জনবহুল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রবেশপথে এ ধরনের বস্তু পড়ে থাকতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তার স্বার্থে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।
কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ কয়েকজন নেতা অভিযোগ করেন, উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তুটিতে স্পষ্টভাবে ‘জয় বাংলা’ লেখা থাকায় তাদের ধারণা, এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের নাশকতামূলক পরিকল্পনার অংশ হতে পারে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। বস্তুটির গায়ে ‘জয় বাংলা’ লেখা স্পষ্টভাবে দেখা গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফলে এটা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্তে পুলিশ কাজ করছে। তিনি আরও জানান,বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
