কালীগঞ্জ ইউএনও অফিসের সেই যুথিকা বিশ্বাস বদলি

আপলোড তারিখঃ 2026-06-23 ইং
কালীগঞ্জ ইউএনও অফিসের সেই যুথিকা বিশ্বাস বদলি ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে দীর্ঘ ৭ বছর ধরে একচ্ছত্র রাজত্ব কায়েম করা প্রশাসনিক কর্মকর্তা (এও) যুথিকা বিশ্বাসকে অবশেষে বদলি করা হয়েছে। গত ২০ জুন দৈনিক ইনকিলাব ও সময়ের সমীকরণে ‘একই চেয়ারে ৭ বছর! কালীগঞ্জ ইউএনও অফিসে যুথিকা বিশ্বাসের ‘একচ্ছত্র সাম্রাজ্য’” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক অফিস আদেশে তাকে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের মানব সম্পদ উন্নয়ন শাখায় বদলি করা হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরের প্রধান নাজির মাসুদুজ্জামান মাসুদ যুথিকার বদলি ও যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।


সরকারি চাকরিতে প্রতি তিন বছর পর পর বদলির স্পষ্ট নীতিমালা থাকলেও এক ‘অদৃশ্য খুঁটির’ জোরে বিগত ৭ বছর ধরে একই কর্মস্থলে বহাল তবিয়তে ছিলেন যুথিকা বিশ্বাস। দীর্ঘ সময় একই চেয়ার আঁকড়ে থাকার সুবাদে তিনি অফিসটিতে গড়ে তুলেছিলেন নিজস্ব একচ্ছত্র সিন্ডিকেট। ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির মতো তার নানা অনিয়মের তথ্য দৈনিক ইনকিলাবে বিস্তারিতভাবে উঠে আসে। খবরটি প্রকাশের পর টনক নড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এবং দ্রুত তাকে ওই কার্যালয় থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।


জানা যায়, যুথিকা বিশ্বাস ২০১৫ সালে কালীগঞ্জে পোস্টিং পাওয়ার পর ২০১৭ সালে নিয়ম অনুযায়ী তাকে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলায় বদলি করা হয়েছিল। কিন্তু অদৃশ্য তদবিরের জোরে মাত্র ছয় মাস পরেই আবার কালীগঞ্জে ফিরে আসেন তিনি। এরপর পদোন্নতি পেয়ে ২০১৯ সালের জুলাই মাসে এখানেই প্রশাসনিক কর্মকর্তা (এও) হিসেবে দায়িত্ব নেন।


তার বিরুদ্ধে অভিযোগ ছিলÑদাফতরিক ফাইল নিজের কাছে রেখে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি তার নিজের গ্রাম মহাদেবপুরের তিনজনকে উপজেলার বিভিন্ন দফতরে মাস্টাররোলে চাকরি পাইয়ে দেন। কোনো প্রকার সরকারি নিয়োগপত্র ছাড়াই অমিত বিশ্বাস নামের এক বহিরাগত যুবককে ইউএনও অফিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইল ও কম্পিউটারের কাজ নিয়ন্ত্রণ করার সুযোগ করে দেন তিনি। এ ছাড়া একই গ্রামের সুবোধ বিশ্বাসকে ইউএনওর গাড়িচালক এবং অলিভ বিশ্বাসকে উপজেলা মৎস্য অফিসে মাস্টাররোলে নিয়োগ দেওয়া হয়।


এই কর্মকর্তার বৈধ আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ বিপুল পরিমাণ অর্থ লেনদেনের চাঞ্চল্যকর তথ্যও মেলে। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যকার ৫ বছরে তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে। অথচ এই সময়ে সরকারি নিয়ম অনুযায়ী তার প্রকৃত বেতন ও ভাতা বাবদ প্রাপ্তি ছিল মাত্র ২৩ লাখ টাকা। সাধারণ সেবাগ্রহীতাদের অভিযোগ ছিলÑবিবিধ ফাইল আটকে রাখা, সরকারি অনুদান বরাদ্দ থেকে কমিশন কাটা এবং বিভিন্ন সিন্ডিকেট নিয়ন্ত্রণের মাধ্যমেই এই বিপুল অঙ্কের অবৈধ অর্থ অর্জিত হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)