ছবির ক্যাপশন:
ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আর আর্জেন্টিনার প্রতি ভালোবাসায় দুই হাজার ফুট পতাকাসহ বর্ণিল ও আনন্দঘন শোভাযাত্রা হয়েছে চুয়াডাঙ্গায়। দীর্ঘ চার বছর পর আবারও হাজারো সমর্থকের অংশগ্রহণে এই আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় চুয়াডাঙ্গার ক্রীড়াপ্রেমীদের মধ্যে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহীদ আবুল কাশেম সড়ক প্রদিক্ষণ করে শহীদ হাসান চত্বর, পুরাতন হাসপাতাল রোড ও কোর্টমোড়সহ শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রিয় দল ও তারকা ফুটবলারদের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি ফুটবলকে ঘিরে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান সমর্থকরা। আয়োজকদের অন্যতম শামসুজ্জোহা রানা, আদিব, মার্টিন শুভ, অন্তর ও তাঈম বলেন, গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল নীল-সাদার আর্জেন্টিনা। এবারও এই দলের হাতেই উঠবে চ্যাম্পিয়ন ট্রফি। চুয়াডাঙ্গার ভক্তরাও আর্জেন্টিনার কাছে আকাশ সমান প্রত্যাশা রাখে। ব্রাজিল ভক্তদের উদ্দেশ্য করে আর্জেন্টিনা ভক্তরা বলেন, ব্রাজিলের হাতে রয়েছে সেভেন আপ ও আর্জেন্টিনার হাতে আছে চ্যাম্পিয়ন ট্রফি।
এছাড়াও, আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মোটরসাইকেলের পাশাপাশি পায়ে হেটে ২ হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা বহন করে সমর্থকরা। এছাড়াও ব্যান্ড পার্টি, সাউন্ড সিস্টেমসহ আর্জেটাইন ভক্তদের নানা সাজসজ্জ্বায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন। আর্জেন্টিনা সমর্থকদের এ ব্যতিক্রমী আয়োজন দেখতে শহরের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল। ফুটবল উন্মাদনায় মুখরিত চুয়াডাঙ্গা আজ পরিণত হয়েছিল এক টুকরো ‘আর্জেন্টিনায়’।
এদিকে, ঝিনাইদহেআর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নতুন ধোপাঘাটা ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে আর্জেন্টিনার জার্সি পরিহিত শত শত ফুটবলপ্রেমী তরুণ-তরুণী, শিশু ও বিভিন্ন বয়সী সমর্থক অংশ নেন। তাদের হাতে ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকার পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও মিনি ফ্ল্যাগ। শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল প্রায় ৫০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার বিশাল পতাকা, যা সমর্থকরা বহন করেন।
এছাড়া আর্জেন্টিনার পতাকায় সজ্জিত প্রাইভেটকার, ছাদখোলা জিপ, বিশেষ বাইক শো, ব্যান্ড পার্টি, ডিজে টিম, আকাশি-সাদা বেলুন ও রঙিন স্মোক পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। সমর্থকদের স্লোগান ও বাদ্যযন্ত্রের তালে তালে শহরজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। র্যালির আগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য ও দিকনির্দেশনা দেন আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের উপদেষ্টা সদস্য ও ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, এম রায়হান, স্ট্রাইকার ভলান্টিয়ার শাহীনুর রহমান লিটন, ডিফেন্ডার ভলান্টিয়ার আহসান জিকু, কিপার ভলান্টিয়ার শাহজাহান নবীন, মিডফিল্ড ভলান্টিয়ার সামিউল পারভেজ সামি এবং ডিফেন্ডার ভলান্টিয়ার সুলতান আল এনাম।
এসময় ফ্যান ক্লাবের ডিফেন্ডার ভলান্টিয়ার জহিরুল ইসলাম, ইনজামামুল হক, শিমুল হোসেন, সাকিব হোসেন, ইমরান, সোহাগ, নাহিদ, নয়ন, শাকিল, শাওন, তরিকুল ইসলাম, শফিক হোসেন, জাহিদুজ্জামান, শোয়েব আহমেদ, হোসাইন পার্সি, জিসান, রিজভী, হোসাইন রানা প্রমুখ উপস্থিত ছিলেন। শহিদ মিনার থেকে বের হয়ে ালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শহরের বিভিন্ন মহল্লা থেকে ছোট ছোট মিছিল এসে মূল শোভাযাত্রায় যুক্ত হয়। হাতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা এবং রঙিন বেলুন নিয়ে সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। বিশ্বকাপের থিম সংগীতের তালে নেচে-গেয়ে ফুটবল উন্মাদনায় অংশ নেন তারা।
র্যালিতে অংশ নিতে আসা শিশু তাহফিম আহাম্মেদ নিশাদ বলেন, ‘আমি আর্জেন্টিনার সমর্থক। এত বড় র্যালিতে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপে ভালো খেলুক। আর এত মানুষের অংশগ্রহণ দেখে খুব ভালো লাগছে।’ এসএসসি পরীক্ষার্থী সিয়াম সরদার বলেন, ‘ফুটবল আমার খুব প্রিয় খেলা। আর্জেন্টিনার খেলা আমি নিয়মিত দেখি। বিশ্বকাপকে সামনে রেখে এমন আয়োজন সত্যিই আনন্দের। বন্ধুদের সঙ্গে র্যালিতে অংশ নিয়েছি। আশা করি, আর্জেন্টিনা এবারও ভালো খেলবে।’
আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের স্ট্রাইকার ভলান্টিয়ার শাহীনুর রহমান লিটন বলেন, ‘প্রাণের উচ্ছ্বাসে হাজারো সমর্থক আজকের শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এটি সকল সমর্থকের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা আশা করি, আর্জেন্টিনা আবারও শিরোপা জিতবে। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেবে। তবে শেষ পর্যন্ত যে দলই চ্যাম্পিয়ন হোক, ফুটবলের জয় হোক।’
