আলমডাঙ্গায় ৪ দিনেও মেলেনি ভ্যানচালক রাফিনের খোঁজ

১২ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

আপলোড তারিখঃ 2026-06-08 ইং
আলমডাঙ্গায় ৪ দিনেও মেলেনি ভ্যানচালক রাফিনের খোঁজ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার চিলাভালকি গ্রামের ভ্যানচালক যুবক রাফিন নিখোঁজ হওয়ার চার দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অপহরণের শিকার হয়েছেন বলে পরিবারের দাবি। এ ঘটনায় পরিবারে উৎকণ্ঠা এবং এলাকায় উদ্বেগ-আতঙ্ক বিরাজ করছে। অপহৃত রাফিন (২০) চিলাভালকি গ্রামের প্রবাসী আক্তারের ছেলে। জীবিকার তাগিদে তিনি ভ্যান চালিয়ে সংসারে সহযোগিতা করতেন।


স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে একটি মোবাইল ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন রাফিন। ফোনে তাকে পাশের পাইকপাড়া গ্রামের একটি সেতুর কাছে যেতে বলা হয়েছিল বলে জানা গেছে। এরপর থেকেই তিনি নিখোঁজ। পরিবারের সদস্য ও গ্রামবাসীদের দাবি, সেদিন রাতেই রাফিন তার দাদির মোবাইল ফোনে যোগাযোগ করে জানান, তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। একই সঙ্গে অপহরণকারীরা তার মুক্তির জন্য ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলেও অভিযোগ করেছেন তারা।


ঘটনার পর থেকেই রাফিনের পরিবার চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। চার দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মেলায় স্বজনদের উৎকণ্ঠা আরও বেড়েছে। এদিকে, অপহরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একটি দরিদ্র ভ্যানচালক পরিবারের কাছে বিপুল অঙ্কের মুক্তিপণ দাবি অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত রাফিনকে জীবিত উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের কাজ চলছে। এখন পর্যন্ত কাউকে আটককরা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে এটিকে অপহরণের ঘটনা হিসেবে ধরে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। রাফিনকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’


আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সত্ত্বেও চার দিনেও রাফিনের সন্ধান না মেলায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সচেতন মহলের আশঙ্কা, দ্রুত উদ্ধার সম্ভব না হলে অপহরণকারীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। অপহৃত যুবকের নিরাপদ ও দ্রুত উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)