আলমডাঙ্গায় আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন

আপলোড তারিখঃ 2026-06-06 ইং
আলমডাঙ্গায় আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পরিবেশপ্রেমী ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা প্রাণিসম্পদ কর্মকর্তা এস. এম. মাহমুদুল হক।


তিনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক হারে বৃক্ষরোপণের বিকল্প নেই। বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে মানুষ ও প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা সম্ভব।’ বিশেষ অতিথি ও সংগঠনের প্রধান উপদেষ্টা চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ বলেন, ‘পরিবেশ রক্ষার আন্দোলনে তরুণদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সমাজে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি করতে হবে।’

সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি সাঈদ এম হিরন সকলকে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি কর্মসূচির সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য আয়োজক, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া তিনি কর্মসূচির সার্বিক পৃষ্ঠপোষক আলমডাঙ্গা ঐশিকা সংস্থার প্রেসিডেন্ট এম. এ. মান্নানকে বিশেষ অভিনন্দন জানান। তিনি পরিবেশবান্ধব, টেকসই ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের মুখপাত্র আরাফাত রহমান, মাহমুদুল হাসান, আল রাব্বি ও সবুজ। এসময় উপস্থিত ছিলেন হারদী এস. এম. জোহা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী খান, যশোরের এসআই হেলাল উজ্জামান, বাদল স্মৃতি একাডেমি, ছত্রপাড়ার ফিরোজ হাসানসহ সবুজ, স্বাধীন, রিফাত, আকিফ, রিয়াদ, বাদশা, আদিত এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‍্যালি শেষে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সংগঠনের অন্যতম সদস্য শিপনের কণ্ঠে পরিবেশবিষয়ক গান পরিবেশিত হলে উপস্থিত সবাই তা উপভোগ করেন। এদিকে, সম্প্রতি আলমডাঙ্গা বধ্যভূমি সড়কে আগুন দিয়ে গাছ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সংগঠনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে, আলমডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে যুব ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার বৃক্ষরোপণ, মানববন্ধন, সচেতনতামূলক ক্যাম্পেইন, র‌্যালি এবং বিনামূল্যে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা চত্বরে যুব ফোরামের কেন্দ্রীয় নেতা মো. আসাদুজ্জামান লিমনের নেতৃত্বে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. মাহমুদুল হক, ঐশিকা সংস্থার নির্বাহী পরিচালক মো. আশরাফুল তবীর দুদু এবং যুব ফোরামের উপদেষ্টা মো. আজিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন যুব ফোরামের কোষাধ্যক্ষ তনিমা আফরোজ, প্রচার সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সদস্য আনোয়ার হোসেন, হামজা, আলিফ, নুসরাতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে শহরের প্রধান সড়কের দুই পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্লাস্টিক দূষণবিরোধী সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পথচারীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)