ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। একই সঙ্গে মশাল মিছিলের সঙ্গে জড়িতদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতারা পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বিএনপি নেতাদের দাবি, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকুর নেতৃত্বে চিৎলা থেকে হাতিভাঙ্গা সড়কের ঝাওবিবি মাঠ এলাকায় একটি মশাল মিছিল বের করা হয়। পরে সেই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এর প্রতিবাদেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে মশাল মিছিল বের করা হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে বিএনপি বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। একই সঙ্গে আজ শনিবার সকাল ১০টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্যসচিব সাইফুর রহমান ঝণ্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুল হক সবুজসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
