হাটবোয়ালিয়া বাজারে তালশাসের মেলা

মাত্র ৫ টাকায় মিলছে গ্রীষ্মের সুস্বাদু ও শীতল ফল

আপলোড তারিখঃ 2026-06-06 ইং
হাটবোয়ালিয়া বাজারে তালশাসের মেলা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে এখন বসেছে তালশাসের মেলা। বৈশাখ মাসের শেষ থেকে শুরু করে পুরো জ্যৈষ্ঠ মাসজুড়ে বাজারজুড়ে দেখা মিলছে গ্রীষ্মকালীন এই জনপ্রিয় ফলের। তীব্র গরমে শরীরকে শীতল রাখা ও তৃষ্ণা মেটাতে তালশাসের চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। বর্তমানে বাজারে প্রতি পিস তালশাস মাত্র ৫ টাকায় বিক্রি হওয়ায় ক্রেতাদের আগ্রহও বেড়েছে কয়েকগুণ।


বাজার ঘুরে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তালশাস বিক্রেতাদের দোকানে ভিড় লেগেই থাকে। শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই তালশাস কিনতে ভিড় করছেন। গরমে স্বস্তি পেতে অনেকেই বাজারে এসেই তালশাস খাচ্ছেন, আবার অনেকে পরিবারের সদস্যদের জন্য বাড়িতেও নিয়ে যাচ্ছেন।
তালশাঁস সম্পর্কে জানতে চাইলে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের তালশাঁস ব্যবসায়ী জয়নাল হাজারী জানান, তালের বিভিন্ন জাত রয়েছে। এর মধ্যে হাঁড়ি তাল, গো তাল, খুদি তাল ও হাইব্রিড তাল উল্লেখযোগ্য। তিনি বলেন, একটি তালের সাধারণত তিনটি করে শাঁস থাকে। জাতভেদে আকার ও স্বাদে কিছুটা পার্থক্য থাকলেও সব ধরনের তালশাঁসই বেশ সুস্বাদু ও পুষ্টিকর। তিনি আরও জানান, প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ হাজার টাকার তালশাস বিক্রি হয়। মৌসুমজুড়ে এই ব্যবসার আয় দিয়েই তাদের পরিবার-পরিজনের ভরণপোষণ চলে।


তালশাসের ক্রেতা হাটবোয়ালিয়া বাজারের জ্যোতি স্টুডিওর মালিক জজ মাহমুদ জানান, ‘মৌসুমের শুরুতে তালশাসের দাম কিছুটা বেশি ছিল। তবে বর্তমানে দাম কমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে এসেছে। প্রচণ্ড গরমে তালশাস অত্যন্ত শীতল, রসালো ও সুস্বাদু একটি ফল। আমি নিজেও খাচ্ছি, পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও বাড়িতে নিয়ে যাচ্ছি।’


স্থানীয় ক্রেতারা জানান, তালশাস শুধু সুস্বাদুই নয়, গরমে শরীরকে ঠান্ডা রাখতেও সহায়তা করে। তাই এই মৌসুমে বাজারে এ ফলের চাহিদা সবসময়ই বেশি থাকে। অল্প টাকায় এমন স্বাস্থ্যকর ও প্রাকৃতিক ফল পাওয়া যাওয়ায় তারা সন্তুষ্ট। স্থানীয়দের মতে, হাটবোয়ালিয়া বাজারে তালশাসের জমজমাট বেচাকেনা এখন গ্রীষ্মের একটি পরিচিত দৃশ্যে পরিণত হয়েছে। ক্রেতাদের ভিড়, বিক্রেতাদের ব্যস্ততা এবং মৌসুমি ফলের প্রতি মানুষের আগ্রহ বাজারের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।


গ্রীষ্মের দাবদাহে যখন মানুষ একটু স্বস্তির খোঁজে থাকে, তখন মাত্র ৫ টাকায় পাওয়া তালশাঁস হয়ে উঠেছে হাটবোয়ালিয়া বাজারের অন্যতম আকর্ষণ। জ্যৈষ্ঠ মাসজুড়ে এই বেচাকেনা অব্যাহত থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)