ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘প্রতিটি বাসাবাড়ি, দোকান ও প্রতিষ্ঠানের আঙিনা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা চাই না আমাদের জেলায় ডেঙ্গুতে একজন মানুষও মারা যাক।’ তিনি পৌরসভা ও জেলার চার উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনা দিয়ে বলেন, পুরো জেলা, উপজেলা ও মফস্বল এলাকায় টানা সাত দিন মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এরপরও কেউ সতর্ক না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও জরিমানা করা হবে।
সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। তিনি বলেন, ‘বর্তমানে অনেকেই বাসাবাড়িতে ফুলের টব ব্যবহার করেন। কিন্তু অনেক ক্ষেত্রে সেগুলোর যথাযথ পরিচর্যা করা হয় না। ফলে বৃষ্টির পানি জমে মশার প্রজননস্থল তৈরি হয়। এ বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন করা প্রয়োজন।’
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি. এম. তারিক-উজ-জামান, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মণ্ডল, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
