ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে একীভূত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার, চশমা, হেয়ারিং এইড ও ওয়াকার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একীভূত শিক্ষা শুধু একটি প্রকল্প নয়, এটি একটি মানবিক আন্দোলন। কোনো শিশুই যেন পিছিয়ে না থাকে। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. শাজাহান রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে সহযোগিতা করেন সহকারী শিক্ষা অফিসার এহসানুল হাবিব, সেলিম রেজা, মো. রবিউল ইসলাম, মো. বক্তিয়ার উদ্দিন ও বি এম রফিকুল ইসলাম। এসময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে ৭টি হুইলচেয়ার, ১টি ওয়াকার, ১টি শ্রবণযন্ত্র ও ৩টি চশমা বিতরণ করা হয়। এছাড়া দুইজনকে ওষুধের খরচ প্রদান করা হয়।
