ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মেসার্স টি জে ফুড প্রডাক্টসকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বেলা একটায় চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য, বেকারি, ওষুধ ও জ্বালানি তেলের তদারকি করা হয়। এসময় টি জে ফুড প্রডাক্টসে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তথ্য না থাকা, আয়োডিনবিহীন শিল্পের লবণ ব্যবহার, অপরিচ্ছন্ন জায়গায় বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণের অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিক তারিকুল ইসলামকে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি ভোক্তা স্বার্থে মূল্য তালিকা হালনাগাদ, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় ও মেয়াদোত্তীর্ণ পণ্য না রাখার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়নের একটি দল সহায়তা করে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
