ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে চোর সন্দেহে গণপিটুনিতে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বামুন্দী বাজারের তুষার টাওয়ার হাউজে ৫ থেকে ৬ জনের একটি দল হানা দেয়। তারা দোকান থেকে টায়ার বের করে সড়কের পাশে থাকা একটি পিকআপে তুলছিল। এসময় দোকান মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। এসময় কয়েকজন পালিয়ে গেলেও এক যুবক স্থানীয়দের হাতে ধরা পড়ে। পরে তাকে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় দোকানের পাশে ফেলে রাখা হলে একপর্যায়ে তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, মৃত্যুর আগে ওই যুবক নিজ বাড়ি পাবনা বলে জানিয়েছিলেন। তবে এখনো তার পূর্ণ পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, গুরুতর আহত অবস্থায় রশি দিয়ে বাঁধা যুবককে ঘিরে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করছেন। ভিডিওতে ওই যুবক দাবি করেন, তারা ৫-৬ জন পাবনা সদর এলাকা থেকে পিকআপযোগে বামুন্দীতে চুরি করতে এসেছিলেন।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।’ তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
