ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড়ে এক গৃহবধূকে চেতনানাশক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের ডালিম তরফদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মহেশপুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ডালিম তরফদার একই গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সঙ্গে সুসম্পর্ক ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ৩০ মে রাতে অভিযুক্ত ডালিম তরফদার তার স্ত্রীর গর্ভধারণের সুখবর জানিয়ে খেজুর নিয়ে তাদের বাড়িতে যান। অভিযোগ অনুযায়ী ওই খেজুরে চেতনানাশক দ্রব্য মেশানো ছিল। পরিবারের সদস্যরা তা খাওয়ার পর অচেতন হয়ে পড়েন। পরে রাতে সবাই ঘুমিয়ে থাকাকালে অভিযুক্ত নির্মাণাধীন বাড়ির একটি কক্ষে প্রবেশ করে অচেতন অবস্থায় ওই গৃহবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পরদিন ভোরে শিশুর কান্নার শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভাঙলে তারা ভুক্তভোগীকে অসুস্থ ও বিবস্ত্র অবস্থায় দেখতে পান। এসময় অভিযুক্ত পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগীকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এবং পরে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মহেশপুর থানায় দায়ের করা অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান, মঙ্গলবার মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
