ছবির ক্যাপশন:
ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া এলাকার ঘোড়ামারা গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামীর দায়ের কোপে সাগরিকা খাতুন বুলবুলি (৩২) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গত শনিবার রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে গতকাল রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাগরিকা খাতুন বুলবুলি ঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামের ইনতাজ বিশ্বাসের মেয়ে এবং একই উপজেলার ঘোড়ামারা গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। অভিযুক্ত স্বামী শিমুল হোসেন এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। স্ত্রীকে কোপানোর পর শিমুল নিজেই বুলবুলির রক্তাক্ত শরীরের ভিডিও করে বুলবুলির স্বজনদের কাছে পাঠায়।
নিহতের পিতা ইনতাজ বিশ্বাস জানান, শিমুল জেলে থাকায় তার মেয়ে বাপের বাড়িতেই ছিল। তিন দিন আগে শিমুল এসে বুলবুলিকে নিয়ে যায়। শনিবার রাতে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিমুল হোসেন তার স্ত্রী বুলবুলিকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
নিহতের খালা শাহানা খাতুন অভিযোগ করে বলেন, ‘সাংসারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিমুল আমার ভাগ্নিকে নির্মমভাবে কুপিয়ে জখম করে। এখন এই হত্যাকাণ্ডকে আড়াল করতে তারা পরকীয়ার নাটক সাজানোর চেষ্টা করছে।’
নিহতের ভাবি চামেলি খাতুন শিমুলের পূর্বের অপরাধের খতিয়ান তুলে ধরে জানান, শিমুল একজন উগ্র ও নৃশংস প্রকৃতির মানুষ। ২০২৫ সালের ৮ অক্টোবর গোয়ালপাড়া বাজারে তুচ্ছ ঘটনায় জাহাঙ্গীর ও তার পুত্র ইজাজুলকে প্রকাশ্যে কুপিয়ে মারাত্মক জখম করেছিল এই শিমুল। সেই মামলায় জেল খেটে জামিনে বের হয়েই এবার সে নিজের স্ত্রীকে হত্যা করল। চামেলি খাতুন অবিলম্বে ঘাতক স্বামী শিমুলের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
এদিকে গ্রামবাসীর দাবি পরকীয়া সংক্রান্ত বিষয় দেখে ফেলায় শিমুল ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে কোপায়। তবে এই দাবি পুরোপুরি অস্বীকার করেছেন নিহতের পিতা ইনতাজ বিশ্বাস। তিনি বলেন, ‘আমার মেয়ের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মূল অপরাধ ও নৃশংসতাকে আড়াল করতেই এখন এই অপপ্রচার চালানো হচ্ছে।’
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। শিমুলকে গ্রেপ্তারে এলাকায় অভিযান চালানো হচ্ছে।
