ঝিনাইদহ ইজিবাইক ছিনতাইয়ের শিকার অসহায় শিশুর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

আপলোড তারিখঃ 2026-05-25 ইং
ঝিনাইদহ ইজিবাইক ছিনতাইয়ের শিকার অসহায় শিশুর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা ছবির ক্যাপশন:

বয়সটা যখন সহপাঠীদের সাথে মাঠে ফুটবল খেলা কিংবা স্কুলব্যাগ কাঁধে বিদ্যালয়ে যাওয়ার, ঠিক তখনই ১২ বছরের শিশু সিয়ামের কাঁধে চেপে বসেছিল পুরো পরিবারের দায়। অসুস্থ বাবার মুখে দুমুঠো অন্ন তুলে দিতে কোমল হাতে তুলে নিয়েছিল ইজিবাইকের শক্ত হাতল। কিন্তু একদল ছিনতাইকারী সেই শিশুটির বেঁচে থাকার একমাত্র অবলম্বনটুকু চুরি করে নিয়ে যায়। চোখের সামনে নিজের ইজিবাইকটি নিয়ে দুর্বৃত্তদের পালিয়ে যেতে দেখে সিয়ামের বুকফাটা কান্না নাড়া দিয়েছে ঝিনাইদহবাসীকে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অবুঝ শিশুর কান্নার দৃশ্য দেখে আর স্থির থাকতে পারেননি ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ। গতকাল রোববার বিকেলে তিনি ছুটে যান সদর উপজেলার কোরাপাড়া গ্রামে সিয়ামের জরাজীর্ণ বাড়িতে। বুকে টেনে নেন ভাগ্যাহত শিশুটিকে, নেন তার পড়াশোনার আজীবনের দায়িত্ব।


বিএনপি নেতা আলমগীর হোসেন আলম জানান, কোরাপাড়া গ্রামের অসুস্থ জাকির হোসেনের ছেলে সিয়াম। পিতা বিছানায় পড়ে থাকায় নিরুপায় হয়ে সংসারের হাল ধরতে রাস্তায় নেমেছিল সে। গত শনিবার কালীগঞ্জ এলাকা থেকে একদল ছদ্মবেশী দুর্বৃত্ত সিয়ামকে একা পেয়ে ভয়-ভীতি দেখিয়ে তার উপার্জনের একমাত্র মাধ্যম ইজিবাইকটি ছিনতাই করে পালিয়ে যায়। পুরো পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন কেড়ে নেওয়ার এই নির্মম ঘটনাটি রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।


খবরটি নজরে আসতেই রোববার বিকেলে সিয়ামের বাড়িতে হাজির হন বিএনপি নেতা অ্যাডভোকেট এমএ মজিদ। তিনি অসহায় পরিবারটির খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে সিয়ামের পরিবারের হাতে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার একটি চেক তুলে দেন। একই সাথে ঘোষণা দেন, সিয়ামের পড়াশোনার সমস্ত খরচ এখন থেকে তিনি নিজেই বহন করবেন।


এসময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আর্থিক অনুদানের টাকা প্রদানের সময় আবেগাপ্লুত কণ্ঠে অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, ‘একটি নাবালক শিশু পরিবারের মুখে অন্ন জোগাতে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ইজিবাইক চালাচ্ছিল। সেই শিশুর শেষ সম্বলটুকু যারা কেড়ে নিয়েছে, তাদের বিবেক বলতে কিছু নেই। এই ঘটনায় মানবতা আজ লজ্জিত। আমি প্রশাসনের কাছে এই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’


তিনি আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান একটি 'মানবিক বাংলাদেশ' গড়ার স্বপ্ন দেখেন। আমরা তৃণমূল থেকে সেই মানবিকতার আলো ছড়িয়ে দিতে চাই। আজ থেকে সিয়ামের পড়াশোনার দায়িত্ব আমার। এই পরিবারটিকে আবার স্বাবলম্বী করতে আমরা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।’


নিজের একমাত্র উপার্জনের সম্বল হারিয়ে যে সিয়ামের চোখে ছিল শুধু অন্ধকার আর অশ্রু, মানবিক এই ভালোবাসায় আজ তার ও তার পরিবারের চোখে মুখে ফুটে উঠেছে নতুন করে বেঁচে থাকার এক চিলতে আশা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)