ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এক ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে| গ্রামের বিভিন্ন মহল্লার সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে একত্রিত হয়ে সাবেক ব্যাংক ম্যানেজার সিরাজুল ইসলামকে গ্রামের একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন| স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেল পাঁচটায় গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ডে গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়| এতে বিভিন্ন মহল্লা থেকে আগত গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও মুরুব্বিদের উপস্থিতিতে সভাটি এক মিলনমেলায় পরিণত হয়|
সভায় বক্তারা গ্রামের উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং একটি আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে একজন সৎ ও যোগ্য প্রার্থীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন| দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সাবেক ব্যাংক ম্যানেজার আলহাজ্ব সিরাজুল ইসলামকে গোবিন্দপুর গ্রামের একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়|
এলাকাবাসীর মতে, তিনি একজন সৎ, যোগ্য ও সমাজসেবক ব্যক্তি হিসেবে দীর্ঘদিন ধরে সুনাম অর্জন করেছেন| চাকরিজীবন থেকে অবসর নেওয়ার পর থেকে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন| সভায় সভাপতিত্ব করেন মো. নাজিম উদ্দিন (ফকির মোহাম্মদ), সাবেক প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়| সভা উপস্থাপনা করেন মো. সামসুজ্জোহা (সাবু)|
এছাড়া বক্তব্য দেন মালয়েশিয়া প্রবাসী ও গোবিন্দপুর মন্ডলপাড়ার মো. খাইরুল ইসলাম, বিএনপি নেতা মো. আনিসুর রহমান, বণিক সমিতির সদস্য মো. রেজাউল হক তোতা, সাবেক শিক্ষক হাজী সামছদ্দিন আহমাদ, প্রভাষক মো. মনিরুজ্জামান, ইটভাটা মালিক ঠাণ্ডু রহমান, সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি, এবিএম মকছেদুল আমিন সোহাগসহ আরও অনেকে| সভায় আলহাজ্ব আব্দুল কুদুস, মজিবর রহমান, মো. আক্কাছ আলী, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল আজিজ, সাবেক কমিশনার মো. ফরহাদ হোসেন মুকুল, হাজী আসাদুল ইসলাম, শহিদুল ইসলাম, আলিমুর রহমান শিক্ষকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
একক প্রার্থী হিসেবে ঘোষণার পর আলহাজ্ব সিরাজুল ইসলাম উপস্থিত গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন| তিনি বলেন, “গ্রামের মানুষ আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তার মর্যাদা রক্ষা করার চেষ্টা করব| সবার সহযোগিতা নিয়ে গোবিন্দপুর গ্রামকে একটি আধুনিক ও শান্তিময় গ্রাম হিসেবে গড়ে তুলতে চাই|” তিনি আরও জানান, আলমডাঙ্গা পৌরসভার প্রতিটি ওয়ার্ডভিত্তিক সমস্যা চিহ্নিত করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে|
