ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক, যৌন উত্তেজক ট্যাবলেট ও চোরাই ওষুধ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোর ও গভীর রাতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
যাদবপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৪৯/৪-এস এলাকার পার-গোপালপুর গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে ২৪ বোতল ভারতীয় উইন সেরেক্স কফ সিরাপ উদ্ধার করেন। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. আবু বক্কর। রাজাপুর বিওপির অভিযানে মানিকপুর গ্রামের একটি পেয়ারা বাগান থেকে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. জাহিদুল ইসলাম। গয়েশপুর বিওপির সদস্যরা গয়েশপুর উত্তরপাড়ার একটি আমবাগান থেকে ১ হাজার ১৮০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেন। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. একরামুল হক।
এদিকে উথলী বিওপির সদস্যরা সন্তোষপুর গ্রামের রাস্তার পাশ থেকে ১ হাজার ৭১০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. আলমগীর হোসেন। নতুনপাড়া বিওপির সদস্যরা নতুনপাড়া এলাকার পুকুরপাড় থেকে ৫৩২ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেন। অভিযানে নেতৃত্ব দেন সুবেদার মো. ফিরোজ খান।
এছাড়া মাধবখালী বিওপির সদস্যরা একটি আমবাগান থেকে ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। সামান্তা বিওপির সদস্যরা বেলেহাটি এলাকার একটি ঘাসজমির পাশ থেকে ২৪ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করেন। অন্যদিকে মেদিনীপুর বিওপির সদস্যরা একটি বাঁশবাগান থেকে ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
