ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আটকবর ও কার্পাসডাঙ্গা বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে দুই বস্তা জুস বার, যা পরে জনসম্মুখে ধ্বংস করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে শিশু খাদ্য, সার ও বীজসহ বিভিন্ন পণ্যের তদারকি করা হয়।
অভিযান চলাকালে লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রির দায়ে মো. আব্দুর বারেকের প্রতিষ্ঠান ‘মেসার্স মা অটো’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে মো. বেল্টু মিয়ার প্রতিষ্ঠান ‘মেসার্স তিসাম বীজ ও বস্তা ঘর’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য ছাড়া শিশুখাদ্য বিক্রির দায়ে মো. হারুন অর রশিদের প্রতিষ্ঠান ‘মেসার্স হারুন স্টোর’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এসব জরিমানা আরোপ ও আদায় করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযানের সময় বাজারের ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশু খাদ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
এসময় সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। ভোক্তা অধিকার সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
