ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙা হাজীপাড়া এলাকায় ৫ লাখ টাকা চাঁদার দাবিতে বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে| এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে| গত শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হাড়াভাঙা হাজীপাড়ার ইউসুফ আলীর বাড়ির প্রবেশপথের সামনে এসব রেখে যায়| গতকাল রোববার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিকে জানান| পরে পুলিশকে খবর দেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে| ইউসুফ আলী উপজেলার হাড়াভাঙা গ্রামের ছইমুদ্দিনের ছেলে| তিনি একসময় প্রবাসে থাকলেও বর্তমানে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন|
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পলিথিনে মোড়ানো বোমা সদৃশ বস্তু, সাদা কাফনের কাপড় এবং হুমকিমূলক চিরকুট পাওয়া যায়| চিরকুটে লেখা ছিল- 'আসসালামু আলাইকুম ইউসুফ, তুমি সাবধান| তুই আর তোর ছোট সন্তান মৃত্যুর জন্য প্রস্তুত হও| পাঁচ লাখ টাকা রেডি কর|'
ইউসুফ আলী বলেন, প্রতিদিনের মতো সকালে বাড়ির মেয়েরা ঝাড়ু দিতে গিয়ে প্রবেশপথে পলিথিন ও কাফনের কাপড়ের সঙ্গে চিরকুট বাঁধা অবস্থায় দেখতে পায়| পরে স্থানীয় মেম্বারকে খবর দিলে তিনি পুলিশে জানান| পুলিশ এসে সেগুলো উদ্ধার করে| তিনি আরও বলেন, এ ঘটনার পর থেকে আমি, আমার পরিবার ও আশপাশের লোকজন চরম আতঙ্কের মধ্যে আছি|
স্থানীয় ইউপি সদস্য মহিবুল ইসলাম বলেন, রাতের আঁধারে কে বা কারা ইউসুফ আলীর বাড়ির প্রবেশ পথের সামনে বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও চিরকুট রেখে যায়| চিরকুটে ইউসুফ আলী ও তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে|
স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে গাংনী থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে| কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে|
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করা হয়েছে| জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে| অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে|
