ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার জেসমিন আরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা এই জেলার সন্তান। তারা দেশের বিভিন্ন স্থানে নিজেদের কর্ম ও মেধার মাধ্যমে চুয়াডাঙ্গার নাম উজ্জ্বল করবে। আজকের এ আয়োজন আরও বড় পরিসরে হওয়া প্রয়োজন ছিল। আগামী বছর অনুষ্ঠানটি আরও জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, তোমরা যে অর্জন করেছো, সেটি কখনোই ছোট নয়। এই পুরস্কার তোমাদের অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে দেশ ও জেলার সুনাম বয়ে আনবে।
অনুষ্ঠানে কেরাত, হামদ-নাত, রচনা, আবৃত্তি, বক্তৃতা, সংগীত, নৃত্য, অভিনয়, দেয়ালিকা, শ্রেষ্ঠ রোভার, স্কাউট, গার্ল গাইড, বিএনসিসি ও বিভিন্ন গ্রুপভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষার্থী, শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ক্যাটাগরিতেও পুরস্কার প্রদান করা হয়।
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা নুসরাত জাহান করবীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সাগর দে, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
