ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হোসেনপুর মাঠ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও চুরি হওয়া মোচরসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া জেলার গাবতলী থানার নতুরপাড়া গ্রামের শ্রী অনন্ত কুমার রায় (৪৬) আলমডাঙ্গা থানাধীন ঘোলদাড়ী কৃষি খামারে (কেরু এন্ড কোং) কর্মরত আছেন। গত ১৩ মে সকাল ১০:৪৫ ঘটিকায় তিনি তার কালো রঙের TVS-4V মোটরসাইকেলটি হোসেনপুর গ্রামের 'এ' ব্লক সংলগ্ন পাকা রাস্তার ওপর রেখে খামার পরিদর্শনে যান। এক ঘণ্টা পর ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি সেখানে নেই।
এই ঘটনায় অজ্ঞাতনামা চোরদের অভিযুক্ত করে ১৪ মে আলমডাঙ্গা থানায় একটি মামলা (মামলা নং-২১, ধারা-৩৭৯ পেনাল কোড) দায়ের করা হয়।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান-এর নেতৃত্বে অভিযানে নামে আলমডাঙ্গা থানা পুলিশ।
অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বানী ইসরাইল-এর তত্ত্বাবধানে এসআই প্রদীপ বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের মহেশপুর থানাধীন মিয়া সুন্দরপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনার সাথে সরাসরি জড়িত দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মিয়া সুন্দরপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ হৃদয় রহমান (২১) ও মোঃ মফিজুর রহমানের ছেলে হৃদয় হোসেন (২৩)
গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে বাদীর চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। দ্রুততম সময়ের মধ্যে মোটরসাইকেল উদ্ধার ও অপরাধীদের শনাক্ত করায় পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন ভুক্তভোগী ও স্থানীয় জনতা।
