কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে শিয়ালমারী পশুহাট

বড় গরুর চাহিদা কম, দুশ্চিন্তায় খামারিরা

আপলোড তারিখঃ 2026-05-15 ইং
কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে শিয়ালমারী পশুহাট ছবির ক্যাপশন:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ পশুর হাট শিয়ালমারী পশুহাট। জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে অবস্থিত এ হাটে এবারও দেশি জাতের ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি দেখা গেছে। অন্যদিকে বড় আকারের গরুর চাহিদা তুলনামূলক কম থাকায় কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন খামারি ও চাষিরা।


গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক এ পশুহাট ঘুরে দেখা যায়, হাজার হাজার গরু, ছাগল, ভেড়া ও মহিষে ভরে উঠেছে পুরো হাট এলাকা। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা কোরবানির পশু কিনতে হাটে এসেছেন। ক্রেতা-বিক্রেতাদের দরকষাকষিতে মুখর হয়ে উঠেছে পুরো বাজার। হাটে বড় আকৃতির গরুগুলো সবার নজর কাড়লেও সাধারণ ক্রেতাদের আগ্রহ বেশি মাঝারি আকারের গরুতে।


গরু কিনতে আসা বাবুল হোসেন বলেন, কোরবানির জন্য একটি গরু কিনতে এসেছি। গত বছরের তুলনায় এবার দাম অনেক বেশি। মাঝারি সাইজের গরু ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে খুঁজছি, কিন্তু পছন্দের গরুর দাম দেড় লাখ টাকার নিচে বলছে না। খামারি জামাল হোসেন বলেন, ফার্মে কোরবানির জন্য ৮টি গরু পালন করেছি। আজ ৪টি গরু হাটে এনেছি। অনেকে দাম বেশি বললেও গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরু পালনে খরচ অনেক বেড়েছে। সব হিসাব করেই দাম চাওয়া হচ্ছে।


ফরিদপুর থেকে আসা ব্যাপারী বিল্লাল জানান, এই হাটে প্রচুর গরু আসে, তাই ট্রাক নিয়ে গরু কিনতে এসেছি। ইতোমধ্যে ১০টি গরু কিনেছি, আরও ৫টি কিনে ঢাকায় নিয়ে যাব। মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি থাকায় এ ধরনের গরুই বেশি কেনা হচ্ছে। ছাগল কিনতে আসা আলমগীর হোসেন বলেন, আজকের হাটে কোরবানির উপযুক্ত প্রচুর ছাগল উঠেছে। দামও মোটামুটি স্থিতিশীল রয়েছে। ২০ হাজার টাকায় পছন্দমতো একটি ছাগল কিনেছি।
হাট মালিকপক্ষ জানিয়েছে, কোরবানির ঈদের এখনও কয়েকদিন বাকি থাকায় কেনাবেচা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে অজ্ঞান পার্টি ও মলম পার্টি থেকে সতর্ক থাকতে ব্যবসায়ী ও ক্রেতাদের নিয়মিত সচেতন করা হচ্ছে। জাল টাকা শনাক্তে মেশিন ব্যবহার করা হচ্ছে এবং পশুর স্বাস্থ্য পরীক্ষা করতে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)