ছবির ক্যাপশন:
জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় সিরাপ, ফেন্সিডিল ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসময় একজন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়া অবৈধভাবে ভারত প্রবেশের সময় ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার রাত ১০টা ৫০ মিনিটে লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় সীমান্ত পিলার ৬০/১৪৮-আর এর কাছাকাছি লড়াইঘাট গ্রামের মসজিদ সংলগ্ন পাকা রাস্তার পাশ থেকে শ্যামকুড় গ্রামের মো. শাহজাহান আলী (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ভারতীয় ২৫ বোতল সিরাপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটে নিমতলা বিওপির সদস্যরা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের একটি কলাবাগানে অভিযান চালিয়ে আসামিবিহীন ৩১৩ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেন। এর আগে সোমবার রাত ১২টা ৪৫ মিনিটে গয়েশপুর বিওপির সদস্যরা গয়েশপুর উত্তরপাড়া গ্রামের একটি আমবাগান থেকে আসামীবিহীন ভারতীয় ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
অপরদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে খোশালপুর বিওপির সদস্যরা নিয়মিত টহলকালে সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেন। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৫ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। আটক দুই পুরুষ হলেন- ফরিদপুর জেলার মধন্দীয়া গ্রামের হরিদাস হালদার (৩০) এবং যশোর জেলার অভয়নগর উপজেলার দামুখালী গ্রামের পিন্টু মন্ডল (২৮)।
