গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, মালামাল উদ্ধার

আপলোড তারিখঃ 2026-05-11 ইং
গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, মালামাল উদ্ধার ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করে পালানোর সময় চোরকে আটক করেছে পুলিশ। এসময় চোরাই মালামাল ও চুরির কাজে ব্যবহৃত একটি অবৈধ যান ‘আলগামন’ জব্দ করা হয়। গতকাল রোববার সকালে বামন্দী পশুহাট সড়কে পুলিশের চেকপোস্টে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের বাসিন্দা উজ্জ্বল মালিথা।


পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যার পর উজ্জ্বল মালিথাসহ পাঁচ সদস্যের একটি দল আলগামনে করে গাংনীর বামন্দী এলাকায় আসে। পরে করমদী গ্রামের সড়কে চারজনকে নামিয়ে দিয়ে উজ্জ্বল কাতলামারি এলাকায় অবস্থান করছিল। রোববার ভোরে সহযোগীদের ফোন পেয়ে সে পুনরায় একই স্থানে গিয়ে ট্রান্সফরমারের চুরি করা যন্ত্রাংশ নিয়ে ফেরার পথে বামন্দী পশুহাট সড়কের পুলিশ চেকপোস্টে ধরা পড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আলগামনে থাকা চারজন পালিয়ে গেলেও উজ্জ্বলকে আটক করা হয়।


গাংনীর বামন্দী পুলিশ ক্যাম্পের উপসহকারী পরিদর্শক মাজহারুল ইসলাম জানান, চেকপোস্টে একটি আলগামন থামানোর সংকেত দিলে এতে থাকা চারজন লাফিয়ে পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশি করে ট্রান্সফরমার চুরির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয় এবং উজ্জ্বল মালিথাকে আটক করা হয়।


তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে চোর চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এদিকে, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)