মোবাইল কোর্টে আটককৃতদের সর্বোচ্চ সাজা দেয়ার অনুরোধ

চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমপি রুহুল আমিন

গ্রাম আদালতের বাইরের বাড়িতে সালিশি বন্ধ করতে হবে : জেলা প্রশাসক

আপলোড তারিখঃ 2026-05-11 ইং
মোবাইল কোর্টে আটককৃতদের সর্বোচ্চ সাজা দেয়ার অনুরোধ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানবপাচার দমন, চোরাচালান প্রতিরোধ এবং অনিষ্পন্ন চোরাচালান মামলার অগ্রগতি, আত্মহত্যা, বাল্যবিবাহসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  বি.এম. তারিক-উজ-জামান গত মাসের কার্যবিবরণী পাঠ করে শোনান।


সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। এসময় তিনি বলেন, ‘শিক্ষার ক্ষেত্রে কোচিংগুলো পরীক্ষার সময় বন্ধের বিষয়টি অতিগুরুত্ব সহকারে দেখার অনুরোধ। এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অভিভাবক সমাবেশ করা খুব জরুরি। আমাদের চুয়াডাঙ্গাতে একটি মাত্র বিশ্ববিদ্যালয় আছে, তবে আমার কাছে তথ্য আছে, এটি সার্টিফিকেট বিক্রির কারখানা হয়ে গেছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’ তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলায় স্বাস্থ্য খাতের অবস্থা খুব খারাপ, খুব দ্রুত এই সমস্যা সমাধানের প্রয়োজন। মোবাইল কোর্টের মাধ্যমে যাদের আটক করা হয়, তাদের সর্বোচ্চ সাজা দেওয়ার অনুরোধও করেন তিনি। তিনি আরও বলেন, সামনে কোরবানি ঈদ, ঈদকে কেন্দ্র করে জাল নোট এবং অজ্ঞান পার্টির একটা দাপট বেড়ে যায়, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি প্রয়োজন।


সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘আমরা মাদক, বাল্যবিয়ে, অনলাইন জুয়ার ব্যাপারে বিশেষ কার্যক্রম চালাবো। এছাড়াও খোলা জায়গায় ধূমপানের বিষয়ে মোবাইল কোর্ট জোরদার করতে হবে। স্কুল-কলেজের আশেপাশে কোনো বিড়ি-সিগারেটের দোকান থাকবে না।’ তিনি চুয়াডাঙ্গায় গ্রাম্য শালিশের সময় একজনকে পিটিয়ে হত্যার ঘটনা তুলে ধরে বলেন, ‘আমাদের চুয়াডাঙ্গা জেলায় গ্রাম আদালতের বাইরের সালিশি বন্ধ করতে হবে। সালিশ বিচার যা হবে, ইউনিয়ন পরিষদে হবে। বাড়িতে বাড়িতে সালিশি হবে, সেই সালিশে মানুষ মারা যাবে, গন্ডগোল হবে, এমনটা আমরা চাই না।’


তিনি আরও বলেন, ‘চেয়ারম্যান-মেম্বারদের গ্রাম আদালতের বাইরে নিজের বাড়িতে বসে সালিশিটা যদি গ্রাম থেকে ওঠানো যায়, তবে অনেক লেনদেন ও অপরাধ কমে যাবে। এটার ফলে অপরাধ বাড়ে ও অনেক অর্থপ্রবাহ হয়। এসময় জেলা প্রশাসকের এ বিষয়ের সাথে একমত পোষন করেন  চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনসহ সভায় উপস্থিত অনেকেই।


জেলা প্রশাসক নারী নির্যাতনের বিষয়ে বলেন, ‘আমাদের সমাজের বিবাহিত ভাইরা ঘরে বউ রেখে সোশ্যাল মিডিয়াতে সময় কাটাচ্ছে নারী বান্ধবিদের সাথে। এর ফলে সে তার বউয়ের ওপর মানসিক নির্যাতন করছে যা দেখা যাচ্ছে না। এবং এই মানসিক নির্যাতনের মাত্রা শারীরিক নির্যাতনেও প্রকাশ পাচ্ছে। এইটা থেকে সকলে দূরে থাকেন। আমার যারা সহকর্মী আছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে দয়া করে আপনাদের ভেতর যদি এই কাজ কেউ করে থাকেন, তবে আমি এই জেলার ডিসি হিসেবে আমার সহকর্মীদের চাকরি কীভাবে থাকে, আমি দেখে নেব। এটা আমাদের সমাজে খুব বৃদ্ধি পেয়েছে, যা খুবই ভয়ানক।’


বাল্যবিবাহ সম্পর্কে জেলা প্রশাসক বলেন, ‘জেলায় যে হারে বাল্যবিবাহ হচ্ছে, তার থেকে বেশি হারে ডিভোর্স হচ্ছে। এটা মেয়েদের স্বাস্থ্যগত, মানসিক নানা বিষয়সহ অন্যান্য সমস্যার দিক উঠে আসছে। ফলে সুইসাইড, ডিভোর্সের মাত্রাও বাড়ছে। এই সবকিছু রোধ করতে আমাদের বাল্যবিবাহ রোধ করা খুব জরুরি। চুয়াডাঙ্গাতে বাল্যবিবাহের মাত্রাটাও বেশি। তিনি আরও বলেন, ঈদকে ঘিরে বাজার মনিটারিং বাড়াতে হবে। বাজারে ঈদকে কেন্দ্র করে যেন কোনো অস্থিরতা সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।


এসময় জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজ জোয়ার্দ্দার আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসকের কাছে নিজের কিছু মতামত তুলে ধরলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি.এম. তারিক-উজ-জামান তাকে প্রশ্ন করেন, তিনি এই কমিটির সদস্য কি না এবং সভায় দাওয়াত প্রাপ্ত কি না? মফিজ জোয়ার্দ্দার ‘না’ সূচক জবাব দিলে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, জেলার এমন গুরুত্বপূর্ণ একটি সভায় এ ধরনের উপস্থিতি গ্রহণযোগ্য নয়। পাশাপাশি ভবিষ্যতে এ বিষয়ে খেয়াল রাখার নির্দেশ দেন তিনি।


অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশে মাত্রই নির্বাচন শেষ হলো। ভাতরের নির্বাচন পরবর্তী যে সহিংসতা, এটার প্রভাব যেন আমাদের সীমান্তবর্তী জেলাগুলোতে না পড়ে, এ জন্য আমাদের একটি নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা সংশ্লিষ্ট ওসিদেরও সেই নির্দেশনা বলে দিয়েছি। প্রতিটা মন্দিরে খোঁজখবর রাখতে এবং জনপ্রতিনিধিদের দ্বারাও খোঁজখবর রাখা হচ্ছে। আমাদের যারা অন্য ধর্মাবলম্বী  নাগরিক আছেন, তাদের ওপর যেন ওখানকার কোনো ঘটনার রেশ আমাদের এখানে না পড়ে। এ বিষয়ে আমরা কাজ করছি এবং আমাদের কাজ চলমান।’


এসময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, বিজিবি-৬ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, অতিরিক্ত সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন হাদী জিয়াউদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুর রহমান সাহেল, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস , তথ্য অফিসার শিল্পী মন্ডল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)