ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনী উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকালে মোবাইল ফোন সঙ্গে রাখার অভিযোগে এক কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে|
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বামন্দী নিশিপুর স্কুল ও কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে| বহিষ্কৃত শিক্ষক আরিফ হোসেন গাংনী উপজেলার ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক| তিনি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় কলেজ শাখার ১০২ নম্বর কক্ষে কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন|
পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব আমানুল্লাহ জানান, পরীক্ষা চলাকালে কোনো কক্ষ পরিদর্শকের কাছে মোবাইল ফোন রাখা বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ| দায়িত্ব পালনকালে আরিফ হোসেনের কাছে মোবাইল ফোন পাওয়া গেলে বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়| এসময় কেন্দ্র পরিদর্শনে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তোহিদুল কবীর ঘটনাটি প্রত্যক্ষ করে তাকে অফিসকক্ষে ডেকে পাঠান| পরে তার মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়| একই সঙ্গে পরবর্তী পরীক্ষাগুলোতেও তাকে দায়িত্ব পালনে নিষিদ্ধ করা হয়েছে|
গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় কোনোভাবেই বরদাশত করা হবে না| নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে|
