ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীর সাহারবাটী গ্রামে বরকত আলী নামের এক কৃষকের তরমুজ ক্ষেত তছরুপের ঘটনা ঘটেছে| গত সোমবার রাতের কোনো এক সময় সাহারবাটী গ্রামের টেপুখালির মাঠে তরমুজ ক্ষেত তছরুপ করে দুর্বৃত্তরা| ভুক্তভোগী কৃষক সাহারবাটী গ্রামের মৃত ফজল হকের ছেলে|
ভুক্তভোগী কৃষক বরকত আলী জানান, টেপুখালীর মাঠে এক পৌনে দুই বিঘা জমিতে তরমুজ চাষ করেছেন| দীর্ঘদিন পরিচর্যা শেষে প্রতিটি গাছে তরমুজের জালি আসা শুরু করেছে| বেশকিছু তরমুজ বড় আকৃতি হয়েছে, যা কয়েক সপ্তাহের মধ্যে তরমুজ বাজারে বিক্রি উপযোগী হতো| ঠিক এমন সময় তরমুজ ক্ষেতের তরমুজের জালিসহ তরমুজ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা| সকালে তরমুজ ক্ষেতে গিয়ে হতাশ হয়ে পড়েন ক্ষেতমালিক বরকত আলী| তিনি জানান, ধার দেনা করে তরমুজ আবাদ করেছেন তিনি| তরমুজ বিক্রি করে দেনা পরিশোধ করার কথা| এতে ওই কৃষকের মোটা অঙ্কের টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন| এ সময় তরমুজ ক্ষেতের সঙ্গে শত্রুতা দেখে মাঠের অন্যান্য কৃষকদের মধ্যেও হতাশা দেখা দিয়েছে| গাংনী থানার ওসি উত্তম কুমার জানান, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে|
