ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ডিজেল অবৈধভাবে নিয়ে যাওয়ার দায়ে দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার ইসেলমারী গ্রামের মৃত সুন্নত আলীর ছেলে আমিরুল ইসলাম এবং আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে হবিবর রহমান মহন।
আদালত সূত্রে জানা যায়, ইসেলমারী গ্রামের আমিরুল ইসলাম ও পাইকপাড়ার হবিবর রহমান মহন অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে ৫২০ লিটার ডিজেল বহন করে নিয়ে যাচ্ছিলেন। বালিদাসপুর উত্তপাড়া সড়কে পৌঁছালে স্থানীয় জনগণের সন্দেহ হলে তারা ডিজেলসহ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এসময় তারা সঠিক উত্তর দিতে না পারায় জনতা আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসে সংবাদ দেন।
সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল শামীমের নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনার সত্যতা পেয়ে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৪(১) ও ২০ ধারা মোতাবেক আমিরুল ইসলামকে ৫ হাজার টাকা এবং একই আইনে হবিবর রহমান মহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল শামীম বলেন, কেউ অবৈধভাবে জ্বালানি মজুদ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
