ছবির ক্যাপশন:
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বোমা তৈরির সরঞ্জামসহ দুই হুজি সদস্য আটক ঘটনার মামলায়
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা থেকে বছির ওরফে রাসেল নামে নব্য জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে শৈলকুপা উপজেলার সাধুখালি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল (৩১) সাধুখালি গ্রামের লিয়াকত আলীর ছেলে। পরে গতকাল দুপুরে গ্রেফতারকৃত রাসেলকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করে র্যাব।
র্যাব জানায়, গত ২৮ জানুয়ারি সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে আব্দুল্লাহ আল মামুন ও রকিবুল ইসলাম নামের দুই হুজি সদস্যকে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে জঙ্গিবাদী বই ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ওই দিন দুপুরে তাদেরকে দামুড়হুদা মডেল থানায় হাজির করে র্যাব তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এদিকে, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে, ওই মামলার তদন্তে প্রকাশিত জঙ্গি বছির ওরফে রাসেল তার নিজ বাড়ি শৈলকুপার সাধুখালি গ্রামে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ১২টার দিকে সাধুখালি গ্রামে অভিযান পরিচালনা করে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি দল। এ সময় তার নিজ বাড়ি থেকে বছির ওরফে রাসেলকে গ্রেফতার করে র্যাব। র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গ্রেফতারকৃত বছির ওরফে রাসেল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা মডেল থানার মামলা নং-৩১, তারিখ, ২৮/০১/২০১৭, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৯(২)/১২ এর মামলার তদন্তে প্রকাশিত জঙ্গি। রাসেল নব্য জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য বলেও জানান তিনি। গতকাল শনিবার দুপুরে তাকে ওই মামলায় চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
