ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজনীতিবিদ মোশাররফ হোসেন মিয়া আর নেই| তিনি গতকাল শনিবার বেলা ১টা ২০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)| তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন| শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল| তবে অবস্থার অবনতি হলে গত সপ্তাহে চিকিৎসকেরা তাকে বাসায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন| বাড়িতেই তিনি গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন|
মোশাররফ হোসেন মিয়া ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন| তিনি ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন এবং চুয়াডাঙ্গা জেলা ছাত্র ইউনিয়নের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন| এছাড়া পূর্ব পাকিস্তান ছাত্র সংগ্রাম পরিষদের জেলা পর্যায়েও সক্রিয় ভূমিকা রাখেন|
পরবর্তীতে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টিতে (মোজাফফর) যোগ দেন এবং ১৯৭৫ সালের পর বাংলাদেশ আওয়ামী লীগে যুক্ত হয়ে সক্রিয়ভাবে রাজনীতি চালিয়ে যান| তিনি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন| সর্বশেষ তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন|
সামরিক শাসক এরশাদের আমলে তিনি গ্রেপ্তার হন| সে সময় ১৯৮৫ সালে কারাগারে থেকেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন| দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জনসম্পৃক্ততার জন্য সর্বমহলে প্রশংসিত ছিলেন|
মরহুমের জানাজার নামাজ জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গতকাল বিকেল ৫টা ৪৫ মিনিটে ও নিজ গ্রাম সোন্দাহে রাত ৯টায় অনুষ্ঠিত হয়| পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়|
তার মৃত্যুতে পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে| তার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন ¯^জনরা|
