ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সঠিক, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করতে রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে এ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্নতা ও পূর্ণাঙ্গ ড্রেসরুল মেনে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকতে হবে এবং দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। কোনো সদস্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ বিভাগীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অন্যান্য ধাপেও যোগ্যতা প্রমাণ করতে পারলেই কেবল প্রার্থীরা নিয়োগ পাবেন। প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার সতর্ক করে বলেন, কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়ে নিজ যোগ্যতার ভিত্তিতেই পরীক্ষায় অংশ নিতে হবে।
জানা গেছে, আজ ১৮, আগামীকাল ১৯ ও ২০ এপ্রিল প্রতিদিন সকাল ৮টা থেকে শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (চঊঞ) অনুষ্ঠিত হবে। প্রার্থীদের সকাল ৮টার আগেই পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র, কলম ও পরিধেয় বস্ত্র ছাড়া অন্য সব সামগ্রী নির্দিষ্ট স্থানে জমা রাখতে হবে। চুয়াডাঙ্গা জেলা থেকে আবেদনকারীদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস, মো. সোয়েব আহমেদ, হিমন বিশ্বাসসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
