ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, দুর্নীতি ও ডেঙ্গু প্রতিরোধসহ সামাজিক বিভিন্ন সমস্যা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কালিদাসপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফুন নাহার বর্তমান প্রজন্মের নৈতিক অবক্ষয় রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিশেষ করে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহারের কুফল তুলে ধরে তিনি শিক্ষক- অভিভাবকদের সচেতন হওয়ার নির্দেশ দেন এবং শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে কঠিন সতর্কবার্তা প্রদান করেন। তিনি বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের প্রভাষক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন, আলমডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি খাইরুল ইসলাম কালিদাসপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ রাস্তার বিষয়টি জেলা প্রশাসকের দৃষ্টিগোচর করেন। তিনি জনস্বার্থে এই রাস্তাটি দ্রুত নির্মাণের দাবি জানালে, জেলা প্রশাসক অত্যন্ত গুরুত্বের সাথে তা শোনেন এবং অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাটি নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের জরুরি তাগিদ প্রদান করেন।
কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলার উপ-সহকারী অফিসার মো. আহসান উল হক শাহীন। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন কালিদাসপুর দক্ষিণপাড়া জামে মসজিদের পেশ ইমাম জুয়েল রানা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলি, বিশিষ্ট সমাজসেবক মহিউদ্দিন এবং জেএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। এছাড়া মাওলানা হাসানুজ্জামানসহ পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় ও জেএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ তাদের মতামত তুলে ধরেন। মতবিনিময় সভায় কালিদাসপুর ইউনিয়নের সকল জনপ্রতিনিধি ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শুরুর পূর্বে পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে প্রধান অতিথি ইউনিয়ন পরিষদ চত্বরে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে সভাপতি জনাব শেখ আশাদুল হক একটি সুন্দর ও সুশৃঙ্খল ইউনিয়ন গঠনে প্রশাসনের এই উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
