ছবির ক্যাপশন:
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় শহরের সাহেদ গার্ডেনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক সুরেশ কুমার আগরওয়ালা এবং সার্বিক সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব উত্তম রঞ্জন দেবনাথ। সম্মেলনটি দুই অধিবেশনে সম্পন্ন হয়।
প্রথম অধিবেশনের শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক হিসেবে কবুতর অবমুক্ত করা হয় এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর। এসময় প্রধান ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। শ্রীমদ্ভগবদগীতা পাঠ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। পাশাপাশি প্রয়াত সনাতন ধর্মাবলম্বীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সম্মেলনে হাজারো হিন্দু ধর্মাবলম্বীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ধর্মীয় মূল্যবোধ, মর্যাদা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেন। জেলার আহ্বায়কদের শুভেচ্ছা বক্তব্যের পর বিশেষ ও প্রধান অতিথির বক্তব্যের মধ্যদিয়ে প্রথম অধিবেশন শেষ হয়।
দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলা পূজা উদ্যাপন পরিষদের নতুন কমিটি গঠন ও ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে সুরেশ কুমার আগরওয়াল (পিণ্টু) এবং সাধারণ সম্পাদক হিসেবে উত্তম রঞ্জন দেবনাথ নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মানিন্দ্র কুমার নাথ ও অশোক মাধব রায়, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ব্রজগোপাল দেবনাথ এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শ্যাম সুন্দর আগরওয়ালা ও বিজয় কুমার মোদি।
