ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদর বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাইনুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিদ্যালয়টি প্রতিষ্ঠার ৫০ বছর পেরিয়েছে। দুঃখের বিষয় বিদ্যালয়টি দেখে মনে হয় না যে এখান থেকে কোনো শিক্ষার্থী মেট্রিক পাশ করেছে। কিন্তু এই বিদ্যাপীঠের অনেক ছাত্র দেশের বিভিন্ন স্থানে অনেক বড় বড় চাকরি করছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিদ্যাপীঠে এসে অনেকেই বড় বড় কথা বলবে, বাঁচ্চাদের উৎসাহিত করার কথা বলবে, কিন্তু বাস্তবতা হলে তারা নিজেরাই সেই কাজগুলো করে না। বিগত ৫০ বছরে বিদ্যাপীঠের অবকাঠামোর কোনো উন্নতি হয়নি। আমি গত বছর এখানে আসছিলাম। বিদ্যাপীঠের অবকাঠামোর অবস্থা দেখে পরের দিনই শিক্ষা অফিসে গিয়ে তদবির করে চারতলা ফাউন্ডেশনের একতলা ভবনের বরাদ্দ করিয়েছি। আমি প্রতি বছর একতলা করে চারতলা করে দেব।’
তিনি বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আজকে তোমরা যে বিদায় নিচ্ছো, কয়েকদিন পরই এসএসসি পরীক্ষা দিবে। অনেকেই ভালো ফলাফল করবে আবার অনেকে ফেল করবে। আস্তে আস্তে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে এবং বিভিন্ন সার্কেল তৈরি হবে। তোমাদের মধ্যে থেকে কেউ কৃষক, কেউ মুদির দোকানদার, আবার কেউ বিসিএস পরীক্ষা দিয়ে দেশের গুরুত্তপূর্ণ ভূমিকা পালন করবে। সকলকে মনে রাখতে হবে শুধু শিক্ষিত নয়, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাংগাঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউল আলম সুজন ও শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ডিঙ্গেদহ মিলন সংঘের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, উপদেষ্টা নুর মোহাম্মদ, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শাহাবুদ্দিন বিশ্বাস খোকন, ফারজানা বেগম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সহসভাপতি রুহুল কুদ্দুস পচা প্রমুখ।
