মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ভাই মৃদুলের সম্পত্তি ক্রোকের আদেশ দিলেন আদালত‎

আপলোড তারিখঃ 2026-03-26 ইং
মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ভাই মৃদুলের সম্পত্তি ক্রোকের আদেশ দিলেন আদালত‎ ছবির ক্যাপশন:

চেক ডিজঅনার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। ‎১ কোটি ৮০ লাখ টাকার চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর জরিমানার টাকা পরিশোধ না করায় মেহেরপুরের যুগ্ম দায়রা জজ ২য় আদালত এই আদেশ দেন।‎


মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০২৪ সালে এনআই অ্যাক্টের ১৮ ধারায় মৃদুলের বিরুদ্ধে মামলাটি করেন তার ব্যবসায়ী অংশীদার দেবাশীষ কুমার বাগচি। ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি আদালত সরফরাজ হোসেন মৃদুলকে এক বছরের সাজা এবং ১ কোটি ৮০ লাখ টাকার দ্বিগুণ (৩ কোটি ৬০ লাখ টাকা) জরিমানা প্রদানের রায় দেন। রায় ঘোষণার পর নির্ধারিত সময় পার হলেও আসামি কোনো আপিল করেননি।‎


পরবর্তীতে ২০২৬ সালের ২৯ জানুয়ারি বাদী জরিমানার টাকা আদায়ের জন্য আদালতে আবেদন করলে বিচারক মো. ওয়াহিদুজ্জামান তা আমলে নেন। গত ৯ ফেব্রুয়ারি আদালত আসামির ৩ কোটি ৬০ লাখ টাকা সমপরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করার জন্য মেহেরপুর সদর থানার ওসিকে নির্দেশ দেন। একই আদেশের অনুলিপি জেলা ম্যাজিস্ট্রেটকেও পাঠানো হয়েছে।


আদালতের ক্রোক তালিকায় থাকা অস্থাবর সম্পত্তির মধ্যে এসি, ফ্রিজ, সোফাসেট ও আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র রয়েছে, যার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া স্থাবর সম্পত্তির মধ্যে ঝাউবাড়িয়া, হরিরামপুর ও মেহেরপুর মৌজায় মোট ৩.৩৬৪৫ একর জমি রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা।


মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ঈদের ছুটির আগে ক্রোক আদেশের নথি হাতে পাইনি। অফিস খোলার পর আদেশের কপি পেলে আইন অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)