শৈলকূপায় তেল পাম্পে ভাই-বোনকে বেধড়ক পেটালো পুলিশ

আপলোড তারিখঃ 2026-03-19 ইং
শৈলকূপায় তেল পাম্পে ভাই-বোনকে বেধড়ক পেটালো পুলিশ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকূপায় পাম্পে মধ্যরাতে তেল কিনতে গিয়ে মারধর ও হামলার শিকার হয়েছে ভাই-বোন। পুলিশের এক কনস্টেবল ও ইউনিয়ন যুবদল নেতার ছেলে তাদের বেধড়ক মারপিট করেন। মারপিট করার পর টেনে হিঁচড়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে ‘কিছু হয়নি’ শর্তে মুচলেকায় স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়। গত মঙ্গলবার রাতে উপজেলার লাঙ্গলবাধ তেল পাম্পে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী যুবক শৈলকূপা উপজেলার হাবিবপুর গ্রামের রবিউল ইসলাম অভিযোগ করেন, মঙ্গলবার রাতে তিনি তার বোন ও ভাগ্নে দুই মোটরসাইকেলে লাঙ্গলবাধ পাম্পে তেল কিনতে যান। রবিউলের গাড়িতে এসময় জরুরি অবস্থার জন্য বোতলে তেল রাখা ছিল। তেল নিয়ে যাওয়ার সময় লাঙ্গলবাধ পুলিশ ফাঁড়ির কনস্টেবল (বিপি নং-কং ১২৪২) উজ্জল মল্লিক সিভিল পোশাকে বোতলে তেল রাখা নিয়ে বিতর্কে জড়ান।


রবিউল আরও জানান, তর্কবিতর্কের এক পর্যায়ে তাকে এবং তার বোন জেসমিন খাতুন ও ভাগ্নেকে মারধর শুরু করেন কনস্টেবল উজ্জল মল্লিক। এ সময় পুলিশের সঙ্গে যোগ দেন শৈলকূপার ধলহরাচন্দ্র ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লাল্টু মন্ডলের ছেলে রিজওয়ান। রবিউল ও তার বোনকে মারপিট করে টেনে হিঁচড়ে টেনে নিয়ে যায় লাঙ্গলবাঁধ পুলিশ ফাঁড়িতে। সেখানে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে ‘কিছু ঘটেনি’ এমন মুচলেকায় জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেওয়ার চেষ্টা করেন পুলিশ ক্যাম্পের আইসি এসআই আনিছুজ্জামান।


বোন জেসমিন খাতুন জানান, বাড়ি থেকে বেশ দূরে অবস্থিত তেলপাম্পটি। পথে তেল ফুরিয়ে গেলে জরুরি জন্য তার ভাই বোতলে ২০০ গ্রাম তেল রেখেছিল। সেই তেল দেখে কনস্টেবল উজ্জল মল্লিক তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং তাদের সঙ্গে তর্কে জড়িয়ে মারধর করেন।


অভিযোগের ব্যাপারে কনস্টেবল উজ্জল মল্লিক বলেন, ‘গতকাল একটু কথা-কাটাকাটি হয়েছিল। রাতেই তো সেটা ঠিক হয়ে গেছে। এ নিয়ে তো নিউজ হওয়ার কথা নয়।’ তবে পুলিশের সঙ্গে যোগ দেওয়া রিজওয়ান বলেন, ‘আমি তো মারধর করিনি। আমি উল্টো উনাদের ঠেকিয়েছি।’


শৈলকূপার লাঙ্গলবাধ ক্যাম্পের আইসি এসআই আনিসুজ্জামান বলেন, ‘গতকাল একটু ভুলবুঝাবুঝি হয়েছিল। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিয়েছে। আমরাও তাদের কাছে ক্ষমা চেয়েছি। একটা ঘটনা ঘটে গেলে কিছইু তো করার নেই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)