হরিণাকুণ্ডুতে সরকারি রাস্তায় কাঁটাতারের বেড়া!

৭০ পরিবারের চলাচলে দুর্ভোগ

আপলোড তারিখঃ 2026-03-18 ইং
হরিণাকুণ্ডুতে সরকারি রাস্তায় কাঁটাতারের বেড়া! ছবির ক্যাপশন:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোবিনাথপুর গ্রামে সরকারি রাস্তা দখল করে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। গ্রামের মালিতাপাড়ার একটি জনগুরুত্বপূর্ণ রাস্তায় অভিযুক্ত আব্দুল হামিদ ও তার ছেলেরা বেড়া দেওয়ায় ওই এলাকার প্রায় ৭০টি পরিবারের যাতায়াত ও যানবাহন চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যের উপস্থিতিতে আমিন দিয়ে সরকারি জমি মেপে রাস্তাটি নির্ধারণ করা হয়েছিল। এরপর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সেখানে মাটি ফেলে চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ করা হয়। কিন্তু সম্প্রতি অভিযুক্ত আব্দুল হামিদ ও তার ছেলে হাফিজুর রহমান লোকজন নিয়ে রাস্তার মাটি কেটে ফেলেন এবং রাস্তার ওপর জিকা গাছ লাগিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে প্রায় ৪ ফুট জায়গা দখল করে নেন।


স্থানীয় পাখিভ্যান চালক শিমুল ও গ্রামবাসী হারুন জানান, রাস্তাটি দখল হওয়ায় এখন ভ্যান বা কোনো ছোট যানবাহন চলাচল করতে পারছে না। নিষেধ করতে গেলে দখলকারীরা কারও কথা শুনছেন না এবং উল্টো জনমনে ভীতি সৃষ্টি করছেন। স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন বলেন, ‘দুই পক্ষ আমিন এনে মাপজোখ করে রাস্তা হওয়ার পর মানুষ চলাচল করছিল, কিন্তু তারা আইন অমান্য করে চলাচলের পথে বাধার সৃষ্টি করেছে।’


এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সোনা উদ্দিন জানান, ওই এলাকায় জমি নিয়ে বিরোধের কথা তিনি জানলেও রাস্তা দখল করে মানুষের চলাচলে বাধা দেওয়ার বিষয়টি তার জানা ছিল না। অভিযুক্ত আব্দুল হামিদের ছেলে হাফিজুর বলেন, তারা কোনো সরকারি রাস্তা দখল করে নাই। আমিন দিয়ে মাপযোগ করে তারের বেড়া দেওয়া হয়েছে। তবে সঠিকভাবে মাপযোগে যদি সরকারি জমি পেয়ে থাকে তাহলে জমি ছেড়ে দেওয়া হবে।


এ বিষয়ে তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মুনজুর রাশেদ কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, সরকারি রাস্তা দখল করার সুযোগ কারও নেই। যদি কেউ জন চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে, তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)